প্রিন্সিপালের বানী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী ধারা হলো কারিগরি ও প্রযুক্তিনির্ভর শিক্ষা। সাধারণ শিক্ষার পাশাপাশি দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমান বিশ্বে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে কর্মমুখী ও বাস্তবভিত্তিক শিক্ষার প্রয়োজনীয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আধুনিক জ্ঞান ও কারিগরি শিক্ষা একে অপরের পরিপূরক। তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক দক্ষতা অর্জনের মাধ্যমে একজন শিক্ষার্থী নিজেকে কর্মজীবনের জন্য যোগ্য করে তুলতে পারে। এই সমন্বিত ও আধুনিক কারিগরি শিক্ষা প্রদানের লক্ষ্যেই প্রতিষ্ঠিত হয়েছে “দক্ষিণবঙ্গ পলিটেকনিক ইনস্টিটিউট, ভোলা”। শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান, ব্যবহারিক দক্ষতা, নৈতিক মূল্যবোধ ও আত্মবিশ্বাসে সমৃদ্ধ করে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলাই এ প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য। কারিগরি শিক্ষাকে আরও যুগোপযোগী ও মানসম্মত করার জন্য প্রয়োজন দক্ষ শিক্ষক, উন্নত অবকাঠামো, আধুনিক ল্যাবরেটরি, ব্যবহারিক প্রশিক্ষণ এবং শিক্ষাবান্ধব পরিবেশ। দক্ষিণবঙ্গ পলিটেকনিক ইনস্টিটিউট, ভোলা মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে প্রয়োজনীয় পরিবেশ তৈরিতে সর্বদা সচেষ্ট। আমরা বিশ্বাস করি, একজন শিক্ষার্থী শুধু একটি সনদ অর্জনের জন্য শিক্ষা গ্রহণ করবে না; বরং শিক্ষা ও দক্ষতাকে কাজে লাগিয়ে নিজের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখবে। তাই আধুনিক প্রযুক্তি, তথ্য ও যোগাযোগ দক্ষতা, ব্যবহারিক জ্ঞান, নৈতিকতা ও দেশপ্রেমের সমন্বয়ে শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের প্রত্যয়। দক্ষিণবঙ্গ পলিটেকনিক ইনস্টিটিউট, ভোলাকে একটি আধুনিক, দক্ষতাভিত্তিক ও মানসম্মত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে নিতে সকলের সহযোগিতা প্রয়োজন। আসুন, আমরা যার যার অবস্থান থেকে শিক্ষার্থীদের মেধা, দক্ষতা ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে এই প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। দক্ষ মানবসম্পদই একটি দেশের উন্নয়নের অন্যতম প্রধান শক্তি। সেই লক্ষ্যকে সামনে রেখে দক্ষিণবঙ্গ পলিটেকনিক ইনস্টিটিউট, ভোলা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম, প্রযুক্তিনির্ভর, আত্মনির্ভরশীল ও মানবিক মূল্যবোধসম্পন্ন দক্ষ প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে-এটাই আমাদের প্রত্যাশা।